নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি: ১৫ সেপ্টেম্বর ২০২১
আজ, বুধবার অযোধ্যা পাহাড়ে “দুয়ারে রেশন”-এর পাইলট প্রোজেক্টের সঙ্গে সঙ্গে ৭০০ জন উপভোক্তার হাতে স্বাস্থ্যসাথী কার্ড এবং জাতি শংসাপত্র তুলে দিল পুরুলিয়া জেলা প্রশাসন। এদিন অযোধ্যা পাহাড়ের এই সমস্ত উপভোক্তাদের হাতে স্বাস্থ্যসাথী কার্ড এবং জাতি শংসাপত্র তুলে দিয়েছেন স্বয়ং জেলা শাসক। প্রসঙ্গত বুধবার থেকে জেলাতে পরীক্ষামূলক ভাবে ১৬৬ টি রেশন দোকান থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু করল প্রশাসন। অযোধ্যা পাহাড়ের এই কর্মসূচির পাইলট প্রোজেক্টে নিজে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার। এদিন তিনিই সেখানে ৭০০ জন উপভোক্তার হাতে স্বাস্থ্যসাথী কার্ড এবং জাতি শংসাপত্র তুলে দেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জেলাশাসক রাহুল মজুমদার জানান, অযোধ্যা পাহাড়ে যাঁরা লক্ষীর ভাণ্ডারে আবেদন করেছিলেন তাঁদের মধ্যে বেশ কিছু জনের স্বাস্থ্যসাথী কার্ড এবং জাতি শংসাপত্র ছিল না। তাঁদের মধ্যে ৭০০ জনকে এদিন স্বাস্থ্য সাথী কার্ড ও জাতি শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে এদিন জেলা শাসক পাহাড়ের বহু মানুষের সঙ্গে কথা বলে লক্ষীর ভান্ডার প্রকল্পে সকলেই আবেদন করতে পেরেছেন কি না বা আবেদনে কারো কোন সমস্যা হয়েছে কি না সেসব বিস্তারিত জেনে নেন। ঘুরে দেখেন পাহাড়ের মাটির সৃষ্টি প্রকল্প। এমনকি তেলিয়াভাষা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে পাহাড়ের মানুষদের কোভিড টিকা দেওয়ার কর্মসূচির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবরও নিয়েছেন জেলা শাসক রাহুল মজুমদার।



