নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১ সেপ্টেম্বর ২০২১
দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল মানবাজার মহাকুমাবাসীর। আজ, বুধবার মানবাজার মহকুমা এলাকায় দুটি স্থায়ী বাস ডিরোর উদ্বোধন হল। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাঙ্গণ থেকে দূর নিয়ন্ত্রক ব্যবস্থার মাধ্যমে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এস বি এস টি সি)-র মানবাজার মহাকুমার বান্দোয়ান ডিপো থেকে ১০ টি এবং মানবাজার ডিপো থেকে ১২ টি বাসের যাত্রার শুভ সূচনা করলেন। বুধবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা মানবাজার ডিপো উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু। উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার।
এবিষয়ে মন্ত্রী সন্ধ্যারানী টুডু বলেন, মানবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো আজ। আগামীদিনে আবারও কিভাবে এই পরিবহন সংস্থার পরিধি এই এলাকায় বিস্তার করা যায় সেবিষয়ে অবশ্যই চিন্তাভাবনা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
এদিন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পথচলা প্রসঙ্গে বলতে গিয়ে এস বি এস টি সির মহানির্দেশক ড.গোদালা কিরন কুমার বলেন, জঙ্গলমহলে প্রত্যন্ত এলাকায় যাতে সরকারি বাস চলাচলের সুযোগ বাড়ে তার জন্য ঝাড়গ্রাম,পুরুলিয়া,বাঁকুড়াতে যথেষ্ট পরিমাণে বাসের ব্যাবস্হা করা হয়েছে। একই সঙ্গে এই ডিপো চালু হওয়ায় মহকুমা এলাকার সাধারন মানুষের অনেক সুবিধা হবে বলেও এস বি এস টি সি-র মহা নির্দেশক দাবি করেন।
এদিনই মানবাজার বাসস্ট্যান্ডের এক যাত্রী বিবেক কুমার মাহাতো জানিয়েছেন, এস বি এস টি সি বাস ডিপো চালু হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বেড়ে গেল, এবার সমস্ত জায়গা যেতে আর কোনো সমস্যা রইলো না।
এদিনের এই বাস ডিপো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিও মানবাজার,শুভজিৎ বসু, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, মানবাজার-১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি। পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু, মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পুস্প দাস, সহকারী সভাপতি দিলীপ পাত্র, বিশিষ্ট সমাজসেবী জয়দেব চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিত্বরা।



