নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৯ অক্টোবর ২০২১ঃ

অতিমারীর কবলে এক ভয়ঙ্কর সামাজিক পরিস্থিতির মধ‍্য দিয়ে সমাজ জীবন আবর্তিত হচ্ছে। বাড়ছে স্কুল ছুটের সংখ‍্যা। প্রত‍্যন্ত গ্রামাঞ্চলে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। এই সমস‍্যা থেকে আদিবাসী পরিবারগুলিকে রক্ষা করার জন‍্য গোবিন্দপুর প্রাথমিক বিদ‍্যালয়ের উদ‍্যোগে শুরু হল ধারাবাহিক শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র।নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত দশটি গ্রামের ৫২ জন মেয়েকে নিয়ে শুরু হওয়া এই কোচিং ক‍্যাম্পে অবৈতনিক ভাবে শারীর শিক্ষা ও বিভিন্ন ধরণের খেলার প্রকৌশল শেখাচ্ছেন স্থানীয় ক্রীড়াবিদ শ্রী রাজা দত্ত ও পুলিস কর্মী শ্রী দিব‍্যেন্দু সৎপতি। মানবাজারে শুরু হওয়া এই ক‍্যাম্পে উপস্থিত সকলকে বিনামূল‍্যে জার্সি, ট্রাক শ‍্যুট ও জুতো প্রদান করা হলো আজ আনুষ্ঠানিক ভাবে এই ক‍্যাম্পের শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন মানবাজারের মহকুমা শাসক শ্রীযুত শুভজিৎ বসু,ঝাড়গ্রামের মহকুমা শাসক শ্রীযুত বাবুলাল মাহাতো, মহকুমা আরক্ষাধিকারিক শ্রীযূত রাহুল পান্ডে, বি,ডি,ও, শ্রীযুত মোনাজ কুমার পাহাড়ী এবং মানবাজার থানার ও,সি, শ্রীযুত দীপঙ্কর সরকার এবং জেলা বিদ্যালয় ক্রিড়া কমিটির সম্পাদক শান্তিগোপাল মাহাতো। বিদ‍্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র জানান যে, মেয়েদের খেলাধূলা সহ বিভিন্ন ভাবে শারীরিক দিক থেকে সক্ষম করে আরক্ষা বিভাগে চাকুরীর উপযোগী করে গড়ে তোলা সহ অল্প বয়সে বিয়ে আটকে দিয়ে মেয়েদের বিদ‍্যালয়ে ধরে রাখার জন‍্য এই উদ‍্যোগ নেওয়া হয়েছে।

মহকুমা আধিকারিকেরা জানান কলকাতার বিভিন্ন ক্লাবের সাথে টাই আপ করে এখান থেকে তৈরি হওয়া খেলোয়াড়দের বৃহত্তর ক্ষেত্রে সুযোগ করে দেওয়ার পাশাপাশি পুলিস সহ বিভিন্ন বিভাগে চাকুরী পাওয়ার যোগ‍্যতা মানে পৌঁছে দেওয়ার উদ‍্যোগ নেওয়াও হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page