রিঙ্কু চট্টোপাধ্যায়, জয়পুর, ২৭ ডিসেম্বর ২০২১ঃ
রবিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার মহিলা সদস্যদের তত্ত্বাবধানে জয়পুর আর বি বি উচ্চ বিদ্যালয়ে রান্না ঘরে বিজ্ঞান বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। মূলতঃ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা বিজ্ঞান মঞ্চের বর্ষীয়ান সদস্য দীনবন্ধু গোস্বামীর উদ্যোগেই এই কর্মসুচি গৃহীত হয়। ওইদিন কর্মসূচীর অন্তর্গত জয়পুরের প্রায় ২০ জন মহিলাকে আর বি বি বিদ্যালয়ের রান্না ঘরে মিড-ডে-মিলের গুনাগুন সর্বোচ্চ রেখে বিজ্ঞান সম্মত উপায়ে রান্নার পদ্ধতি হাতে কলমে দেখানো হয়েছে। কম তেল ও মসলা সহযোগে এবং সবজির পুষ্টিগুন সর্বোচ্চ রেখে কিভাবে বিভিন্ন সবজি রান্না করা যাবে, সেবিষয়ে বিজ্ঞান মঞ্চের মহিলা সদস্যরা ওইদিন উপস্থিত মহিলাদের হাতে কলমে রান্না করে দেখিয়েছেন। এছাড়াও বাজারে বিক্রিত হরলিক্স বা ওঠস্ জাতীয় পুষ্টিগুন সম্পন্ন ড্রিংক বাড়িতেই কিভাবে ছাতু, কোকো পাউডার, চিনি ইত্যাদি দিয়ে তৈরি করা সম্ভব, সেবিষয়েও ওইদিন হাতে কলমে শেখামো হয়। এরই পাশাপাশি উপস্থিত মহিলাদের মাধ্যমে বিজ্ঞান শাখার সদস্যরা ঝড়ফুঁক, ডাইনি প্রথা, ওঝা-গুনিন সংক্রান্ত কুসংস্কার, অন্ধবিশ্বাস ও বুজরুকির বিরুদ্ধে বিজ্ঞান সম্মত মতের প্রচারও করেন।


