নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৮ জানুয়ারি ২০২২ঃ

১লা জানুয়ারি থেকে স্টুডেন্টস উইক পালন করার কথা ঘোষনা করেছিলো রাজ্য। তৃতীয় ঢেউ এসে পড়ায় বাতিল হয়েছে সব কর্মসূচি। মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত আলোচনা চক্র অনুষ্ঠিত হলো ভার্চুয়াল মঞ্চে। গুগল মীট মারফত “শতবর্ষে সত্যজিৎ” শীর্ষক আলোচনা চক্রের প্রধান বক্তা ছিলেন পুরুলিয়ার স্বরূপ দত্ত। প্রথিতযশা আলোকচিত্রী, লেখক এবং অভিনেতা স্বরূপ এই ওয়েবিনারটিতে প্রায় দেড় ঘন্টা বক্তব্য রাখেন।প্রথমার্ধে তিনি সত্যজিৎ রায়-এর জীবন ও কাজ সম্পর্কে আলোকপাত করেন। দ্বীতিয়ার্ধে তিনি সত্যজিতের ক্যালিগ্রাফি বিষয়ে আলোচনা করেন। ক্যালিগ্রাফি বা হস্তাক্ষর শিল্প আমাদের দেশে তত প্রচলিত নয়। শান্তিনিকেতনে এই চর্চাটির প্রচলন করেন নন্দলাল বসু। তিনি এই বিশেষ শৈলীটির নামকরণ করেন “লেখাঙ্কন”। সত্যজিৎ শান্তিনিকেতনে এই ক্যালিগ্রাফি বিষয়টি রপ্ত করেন। সন্দেশ পত্রিকা, সত্যজিৎ রায়ের সবকটি বই, সিনেমার পোস্টারে এই ক্যালিগ্রাফির প্রয়োগ লক্ষ্য করা যায়। এই বিষয়টি ওয়েবিনার-এ উপস্থিত ছাত্র ছাত্রী ও অধ্যাপকদের কাছেও ছিলো অজানা। আলোচক স্বরূপ দত্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁকে ভার্চুয়াল সম্বর্ধনা জানান উদ্যোক্তারা।

শেয়ার করুন

You cannot copy content of this page