নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি: ২২ জুন, ২০২১

তৈরী হওয়ার এক মাসের মধ্যে সামান্য জলের তোড়েই ভেঙে গেল সুইসার শালডাবরা সেতু। বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির দ্বারা সেতুটির কাজ প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যয়ে সমাপ্ত হয়েছিল গত মাসের ১৫ তারিখে। গত ১৭ জুন সুইসা এলাকার শালডাবরা সেতুর একাংশ জলের তোড়ে ভেঙে যায়। সুইসা বাজার,স্বাস্থ্যকেন্দ্র,স্টেশন সহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ জায়গার সঙ্গে প্রায় আটটি গ্রামের যোগাযোগ এতে বিচ্ছিন্ন হয়ে যায়। তৈরী হওয়ার একমাসের মধ্যেই কিভাবে সেতুটি ভেঙে গেল তা নিয়ে তদন্তের দাবিতে সরব হয়েছেন বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাত। মঙ্গলবার এই সেতু পরিদর্শনে যান বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাত, এছাড়াও পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া, বাঘমুণ্ডির বিডিও উপস্থিত ছিলেন। এই বিষয়ে সুশান্তবাবু বলেন, ওই সেতু ভেঙে যাওয়াতে কয়েক হাজার মানুষ সমস্যায় পড়লেন। নতুন তৈরী ওই সেতু কি করে এত তাড়াতাড়ি ভেঙে পড়ল সেবিষয়ে লিখিত অভিযোগও করব জেলা প্রশাসনকে। যথাযত তদন্ত হওয়া প্রয়োজন। গ্রামবাসীরা নিম্নমানের কাজের অভিযোগ দিয়েছেন। তা জেলাপ্রশাসনকে জানিয়েছি। দ্রুত গ্রামবাসীদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page