নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২১ মে ২০২২ঃ
দুপুরের ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায়। লালপুর মানবাজার রাজ্য সড়কের উপর ভেঙ্গে পড়লো অশথ গাছ। যার কারণে কয়েক ঘন্টা সম্পূর্ণরূপে যান চলাচল ব্যাহত হল ওই রাস্তার উপর। শনিবার দুপুর দুটোর পর শুরু হয় ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি। যার কারণে জেলার বিভিন্ন এলাকায় গাছ ভেঙ্গে পড়ার ঘটনা সামনে আসছে। হুড়া থানার মাগুড়িয়া গ্রাম ও রাহেরডি গ্রামের মধ্যবর্তী স্থানে লালপুর মানবাজার রাজ্য সড়কের উপর একটি অশথ গাছ ভেঙ্গে পড়ে। যার কারণে ওই রাস্তার উপর যানচলাচল বন্ধ হয়ে যায় কয়েক ঘন্টা। এলাকার মানুষজন সহ প্রশাসনিক তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ চলতে থাকে। রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে অজস্র যানবাহন।
অন্যদিকে বড়গ্রাম গ্রামে রাজ্য সড়কের পাশ বরাবর বিদ্যুৎ সরবরাহের তারের উপরে গাছ পড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহের খুটি পড়ার ঘটনা ঘটেছে।



