নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৭ ডিসেম্বর ২০২১ঃ
পূর্ব প্রতিশ্রুতি মত মানবাজার-১ ব্লক প্রশাসন রাস্তার ধারের ডেইলি মার্কেটের দোকান সরানোর কাজ শুরু করল সোমবার। প্রসঙ্গত, মানবাজার শহরের থানা সংলগ্ন রাস্তার ধারে এবং স্থানীয় ব্যাঙ্ক মোড়ের কাছে রাস্তার পাশের ডেইলি মার্কেট বহুদিন ধরেই বসছে। কয়েক বছর আগে কিষাণ মান্ডিতে স্টল নির্মাণ করে সরকার। কথা ছিল নাগরিকদের সুবিধার্থে রাস্তার পাশের ডেইলি মার্কেটের দোকান কিষাণ মান্ডির নতুন স্টলগুলিতে স্থানান্তরিত করার। কিন্তু বিগত কয়েক বছরে এই কাজ করে উঠতে পারেনি প্রশাসন। ফলস্বরূপ কিষাণ মান্ডি সংলগ্ন নব নির্মিত স্টল গুলিতে অসামাজিক কাজ শুরু হয়। মদ, জুয়ার আড্ডাখানায় পরিণত হয় ওই সমস্ত স্টলের আশপাশের চত্বর। স্বাভাবিকভাবেই ডেইলি মার্কেটের ব্যবসায়ীরা নতুন স্টলগুলিতে স্থানান্তরের বিষয়ে ভীত ছিলেন। এমনকি, কিষাণ মান্ডি সংলগ্ন নতুন স্টলের গোটা চত্বর মল-মূত্র সহ স্থানীয় কিছু মানুষের কারনে আবর্জনার স্তুপে পরিণত হয়েছিল। রাঙামাটি সংবাদ পুরুলিয়া-তে মাত্র তিন সপ্তাহ আগেই খবরটি করা হয়েছিল। প্রশাসন জানিয়েছিল দ্রুত নতুন স্টল চত্বর সাফাই করে ও সেখানের অসামাজিক কাজকর্ম বন্ধ করে ডেইলি মার্কেটের দোকানগুলিকে নতুন স্টলগুলিতে স্থানান্তরিত করা হবে। সেইমতো, সোমবার থেকেই মানবাজারের ডেইলি মার্কেটের দোকানগুলিকে কিষাণ মান্ডি সংলগ্ন নতুন স্টলে স্থানান্তরের কাজ শুরু হয়েছে। এদিন সকাল থেকেই এই স্থানান্তরের কাজে নেমে পড়ে মানবাজার-১ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। সমিতির সভাপতি দিলীপ পাত্র জানান, শুধু রাস্তার পাশের দোকানই নয়, এমনকি ছোট ছোট লটারির কাউন্টার সহ রাস্তার পাশের ঠেলাগুলিকেও কিষাণ মান্ডি সংলগ্ন নতুন স্টলে স্থানান্তরিত করা হবে। তিনি আরো বলেন, ব্যবসায়ীদের কয়েকদিন সময় দেওয়া হয়েছে। আজ (সোমবার) থেকে স্থানান্তরের কাজ শুরু হল। কয়েকদিনের মধ্যেই সকল শ্রেণীর ব্যবসায়ীকেই স্থানান্তরিত করা হবে।

