নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ৩ সেপ্টেম্বর ২০২১

জেলার দুজন অধ্যাপক ও একজন উচ্চ বিদ্যালয় শিক্ষক, মোট তিনজন শিক্ষা কর্মী এবছর রাজ্য সরকারের “শিক্ষারত্ন” পুরস্কার তথা সম্মান পাচ্ছেন বলে পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এছাড়াও পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পাচ্ছে এবছরের “সেরা বিদ্যালয়” – এর সম্মান। চলতি সপ্তাহের মাঝামাঝি পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তর এই তালিকা প্রকাশ করে। রাজ্যজুড়ে মোট ৬২ জন শিক্ষক-অধ্যাপককে এবছর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিক্ষারত্ন পুরস্কার দেওয়ার পাশাপাশি রাজ্যের মোট ১০ টি বিদ্যালয়কেও এবছরের সেরা বিদ্যালয়ের পুরস্কার দিচ্ছে রাজ্য সরকার। বলরামপুর শ্রী ভজনাশ্রম উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ডঃ দয়াময় রায়, লালপুর মহাত্মা গান্ধী কলেজের অধ্যক্ষ ডঃ শান্তি কুন্ডু এবং সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ডঃ অর্ধেন্দু শেখর পাত্রকে এবছর শিক্ষারত্ন সম্মান দিচ্ছে রাজ্য সরকার। আগামী ৫ সেপ্টেম্বর ২০২১, শিক্ষক দিবসের দিন পুরুলিয়া জেলা শাসকের দপ্তরে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে ওই অনুষ্ঠানেই এবছরের সেরা বিদ্যালয়ের সম্মানও পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page