নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৪ নভেম্বর ২০২১ঃ

না ফেরার দেশে পাড়ি দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বর্ষীয়ান এই দলীয় নেতার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পুরুলিয়া জেলা তৃণমূলে। আজ, কলকাতার এস এস কে এম হাসপাতালে রাত্রি ৯ টা নাগাদ হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজ্য রাজনীতিতে তিনি ছিলেন এক উল্লেখযোগ্য নাম। নিজের মাত্র ২৬ বছর বয়সে তৎকালীন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রীসভায় সুব্রত মুখোপাধ্যায় সর্বপ্রথম কনিষ্ঠতম ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। বিগত এক দশক ধরে বর্তমান রাজ্য সরকারের মন্ত্রীসভায় সুব্রত মুখোপাধ্যায় সফলভাবে পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব সামলেছেন। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়কে উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর বিশেষ উৎসাহ ছিল বলে জানিয়েছেন অযোধ্যা পাহাড় পর্যটন উৎসব কমিটির প্রাক্তন কো-অর্ডিনেটর সমীর দত্ত। সমীর  বাবু বলেন, বিগত দিনে দুবছরে দুবার সুব্রত মুখোপাধ্যায় নিজে অযোধ্যা পাহাড়ের পর্যটন উৎসবের উদ্বোধন করেন। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়ানে উৎসব কমিটির প্রাক্তন কর্তা সমীর দত্ত গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page