নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া ও রঘুনাথপুর, ১২ এপ্রিল ২০২২ঃ
নদীয়ার হাঁসখালিতে চোদ্দ বছরের নাবালিকাকে ধর্ষণ, খুন ও প্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি নির্যাতিতার মৃতদেহ দাহর ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজ্যজুড়ে খুন সন্ত্রাস ধর্ষণের ঘটনা বন্ধের দাবিতে এস ইউ সি আই সি-র ছাত্র-যুবও মহিলা সংগঠন আজ পুরুলিয়া শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। দলের জেলা অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল এদিন হাটের মোড়, ট্যাক্সি স্ট্যান্ড হয়ে নীলকুঠিডাঙ্গা পর্যন্ত শহর পরিক্রমা করে । কোর্ট চত্বরের সামনে একটি ধিক্কার সভাও করা হয়। সেখানে বক্তব্য রাখেন ছাত্রনেতা ভবতারন কুমার । মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন এআইডিএসও-র রাজ্য সভাপতি শামসুল আলম, জেলা সম্পাদক বিকাশ কুমার, জেলা সভাপতি স্বপন প্রামানিক এবং মহিলা সংগঠনের জেলা সম্পাদিকা রানী মাহাতো সহ সংগঠনের কর্মী সমর্থক বৃন্দ। সভায় নিজের বক্তব্যে শামসুল আলম বলেন, যেভাবে গোটা রাজ্য জুড়ে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে, খুন ধর্ষণ গণহত্যা বাড়ছে সে ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী এই নারী নির্যাতনের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা না নিয়ে নানান কুরুচিকর মন্তব্য করছেন এবং ঘটনায় অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন। গোটা বিষয়টিতে তিনি তীব্র ধিক্কার জানিয়েছেন নিজের বক্তব্যে। শামসুল আলম ছাড়াও পথসভায় এদিন অন্যান্য বক্তারা দাবি করেন, নদীয়ার হাঁসখালির ঘটনা উত্তর প্রদেশের হাথরাসের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। অবিলম্বে এই নারকীয় ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন বক্তারা।
অন্যদিকে পুরুলিয়া শহর ছাড়াও এদিনই রঘুনাথপুর শহরেও এস ইউ সি আই সি-র এই দুই শাখা সংগঠনের উদ্যোগে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়। রঘুনাথপুরের বিক্ষোভ মিছিলে এদিন উপস্থিত ছিলেন দলের যুব সংগঠনের জেলা সম্পাদক স্বদেশপ্রিয় মাহাতো এবং মহিলা সংগঠনের জেলা সভানেত্রী বন্দনা ভট্টাচার্য্য সহ কর্মী-সমর্থকরা।



