নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ২৩ আগষ্ট ২০২২ঃ
বজ্রপাতের দুটি পৃথক ঘটনায় বলরামপুরে মৃত্যু হল এক মহিলার। আহত হয়েছে এক কিশোরীও বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিন বলরামপুর ব্লকের সাইবুড্ডি গ্রামের বাসিন্দা গৃহবধূ বাসুকি মুর্মু (৫০) মাঠে ধান রোপনের কাজ করছিলেন। সেসময়ই বজ্রপাতে দুর্ঘটনাটি ঘটে। মাঠে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বলরামপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। আগামীকাল (বুধবার) দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
অন্যদিকে এদিনই দুপুরে বলরামপুর ব্লকের হরিপালডিতে বজ্রপাতে আহত হয় ১৬ বছরের এক কিশোরী বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই কিশোরীর নাম শবনম খাতুন। এদিন দুপুরে পারিবারিক চাষের জমিতে বাবার সাথে ধান রোপনের কাজ করছিল সে। আচমকা বজ্রপাতে দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে বলরামপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী বলে তার পরিবারের সূত্রে খবর।
শেয়ার করুন