নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১২ মার্চ, ২০২১
গত ১০ ই মার্চ নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় আক্রান্ত হয়ে আঘাত প্রাপ্ত হন। তৃণমূলের অভিযোগ পরিকল্পিত ভাবে নেত্রীকে আক্রমণ করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীকে আক্রমণের প্রতিবাদে আজ, শুক্রবার বলরামপুরে একটি মৌন মিছিল করলো বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন বলরামপুর তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি শানি মুখার্জী জানান, নন্দীগ্রামে সম্পূর্ণ পরিকল্পিত ভাবে নেত্রীকে আঘাত করা হয়েছে। মানুষ আগামী ২৭ মার্চ যার জবাব দেবেন। দলের মেন্টর অঘোর হেমব্রম বলেন, নেত্রীর অসুস্থতার কারণে পূর্ব ঘোষিত ১৩ মার্চের সভা আপাতত স্থগিত রাখা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ বা ১৬ মার্চ বলরামপুরে তৃণমূলের জনসভা হতে পারে বলেও জানান অঘোর হেমব্রম।


