নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২২ ডিসেম্বর ২০২১ঃ
প্রয়াত হলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সদস্য তথা ভান্ডার পড়ুয়া চিপিদা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা নবীনচন্দ্র হাঁসদা। নবীন বাবু দীর্ঘদিন ভান্ডারপুয়াড়া-চিপিদা অঞ্চলের দলীয় সভাপতির পদও সামলেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। মঙ্গলবার তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সংশ্লিষ্ট অঞ্চল সহ জেলার শাসক দলের রাজনৈতিক মহলে। মঙ্গলবার তার মরদেহ নিয়ে আসা হয় পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে।সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমেন বেলথরিয়া সহ উপস্থিত অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। দলের পক্ষ থেকে আজ, বুধবার তাঁর মরদেহ নিয়ে ভান্ডারপুয়াড়া অঞ্চল পরিক্রমার পর অন্তিম সংস্কার করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।




