নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ৯ ফেব্রুয়ারি ২০২২ঃ
শেষ পর্যন্ত ঝালদা পৌরসভায় প্রার্থী তালিকা সংক্রান্ত দ্বন্দ্ব ও বিভ্রান্তি কাটিয়ে উঠল শাসক দল তৃণমূল। দ্বন্দ্ব কাটিয়ে আজ, বুধবার বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতর সঙ্গে পায়ে পা মিলিয়ে মিছিল করার পর মনোনয়নও জমা দিলেন ঝালদার তৃণমূল প্রার্থীরা। এদিন ঝালদা পুরসভার ১২ জন তৃণমূল প্রার্থীই বিধায়কের সঙ্গে মিছিলে হাঁটেন। ১২ জন প্রার্থীর মধ্যে ২ জন আগেই মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। বাকি ১০ জন এদিন মনোনয়ন জমা দেন।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানাগিয়েছে, পুরুলিয়ার তিনটি পুরসভার মধ্যে একমাত্র ঝালদা পুরসভাতেই তৃণমূলের প্রথম ও দ্বিতীয় তালিকাতে একাধিক পরিবর্তন দেখা গিয়েছিল। তালিকা নিয়ে দলের অভ্যন্তরে বিভ্রান্তিও চরমে ওঠে। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকা সংক্রান্ত বিষয়ে স্পষ্ট বার্তা পাওয়ার পরেই নড়েচড়ে বসে তৃণমূলের জেলা নেতৃত্ব। গতকাল, মঙ্গলবার প্রার্থীদের নিয়ে বৈঠক করার পাশাপাশি তাঁদের একসঙ্গে বসিয়ে মনোননয়ন পত্র পূরণ করার তদারকি করেন খোদ বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাত নিজে। গভীর রাত পর্যন্ত তাঁদের মধ্যে আলাপ আলোচনা চলে। তারপর বুধবার বিধায়কের নেতৃত্বে একসঙ্গ পথে নামেন ঝালদা পুরসভার ১২ টি ওয়ার্ডেরই তৃণমূল প্রার্থীরা। ঝালদা শহর তৃণমূলের সভাপতি দেবাশিষ সেনও এদিন উপস্থিত ছিলেন। তৃণমূল সূত্রে আরও জানাগিয়েছে, ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসাবে শহর সভাপতি দেবাশিষ সেনের নাম থাকলেও তিনি এবার লড়াই করতে চাননি। তাঁর জায়গায় তৃণমূল ওই ওয়ার্ডে প্রার্থী করে প্রাক্তন চেয়ারম্যান সুরেশ আগরওয়ালকে। তালিকাতে সুরেশবাবুর নাম ছিল ৪ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডে নতুন প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস। ঘাসফুল সূত্রে জানাগিয়েছে, এদিন বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হন। সেখান থেকে বিধায়কের নেতৃত্বে সব প্রার্থীদের একসঙ্গে মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় ঝালদা কলেজ সংলগ্ন এলাকায়। এবিষয়ে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত বলেন, প্রার্থী নিয়ে কোনও বিভ্রান্তি বা দ্বন্দ্ব নেই। দল যা নির্দেশ দেবে তৃণমূল কর্মীরা তাই মেনে চলবেন। ঝালদাতে সব ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা এদিন একসঙ্গে মিছিলে পা মেলান। তিনি আরও বলেন, ঝালদা পুরসভাতে তৃণমূলের প্রতীকে কখনও কোনও কাউন্সিলার জয়ী হননি। এবার তা পাল্টে যাবে। শুধু কাউন্সিলরদের জয়ী হওয়ায়ই নয়, প্রথমবারের জন্য ঝালদা পুরসভাতে তৃণমূল একক ভাবে ভোটে জিতে বোর্ড গঠন করবে। এদিনের মিছিলের পর তা আরও নিশ্চিত হয়ে গিয়েছে বলে দাবি করেন বিধায়ক সুশান্ত মাহাত।




