নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ১৮ আগষ্ট ২০২১
দলের জেলা সভাপতি সহ কোর কমিটি পরিবর্তন হতেই আবার প্রকাশ্যে দেখা গেল তৃণমূলের গোষ্ঠী বাজির ছবি। তবে হাতাহাতি বা লাঠালাঠি নয়। পুরুলিয়া-টাটা রোড়ের দুলমিতে অবস্থিত দলের জেলা কার্যালয়ে পড়ে গেল তালা। গত বছরও (২০২০) একই ঘটনা ঘটেছিল সভাপতি পরিবর্তনের পরদিনই। দলের তৎকালীন বি টি সরকার রোড়ের কার্যালয়ে ঝুলেছিল তালা।
প্রসঙ্গত সোমবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সহ কোর কমিটিতে ব্যাপক রদবদল করা হয়। আর ঠিক পরদিনই, মঙ্গলবার দুলমিতে অবস্থিত দলের জেলা কার্যালয়ে পড়ে গেল তালা। যা নিয়ে ইতিমধ্যেই দলের গোষ্ঠী বাজির বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে সোমবার দলীয় কার্যালয়ে তালা বন্ধ থাকায় দলের নব নির্বাচিত জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া ঢুকতে পারেন নি। অগত্যা তাঁকে দলের নেতৃত্ব সহ কোর কমিটির সদস্যদের সঙ্গে দলীয় বৈঠক সহ অন্যান্য সাংগঠনিক আলোচনা জেলা পরিষদে তাঁর নিজের কক্ষেই সেরে নিতে হয়েছে। সৌমেন বাবু বলেন, এদিন দলের জেলা কার্যালয়ে যাবো ভেবেছিলাম। কিন্তু তারা বন্ধ থাকায় যেতে পারিনি। কি কারনে তালা বন্ধ রয়েছে সে বিষয়ে বিদায়ী জেলা সভাপতির সঙ্গে আলোচনা করব। তিনি আরো বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ভাড়া বাড়িতে দলীয় কার্যালয় রয়েছে তা বিগত জেলা সভাপতি গুরুপদ টুডুর সঙ্গে বাড়ি মালিকের চুক্তি হয়েছিল। তবে আমরা ওই জায়গাতেই দলীয় কার্যালয়ে রাখতে চাই। এ বিষয়ে গুরুপদ বাবু এবং বাড়ি মালিকের সঙ্গেও আলোচনা করা হবে। অন্যদিকে বিদায়ী জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, পুরুলিয়া জেলাতে দলের নিজস্ব কোন কার্যালয়ে নেই। শান্তিরাম বাবুর পরিবর্তে যখন আমাকে দল জেলা সভাপতি করে, সে সময়ও দীর্ঘদিন ধরে যেখানে দলীয় কার্যালয় ছিল সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তালা বন্ধ করে রাখা হয়েছিল। তারপরে আমি ব্যক্তিগত উদ্যোগে এবং নিজের টাকা খরচ করে জেলা কার্যালয়ের জন্য ভাড়া ঘর নিয়েছিলাম। এখন আমি আর সভাপতি নেই। তাই ওই ভাড়া করে কার্যালয়ে থাকার কোন প্রশ্নই নেই। এ বিষয়ে সৌমেন বাবু বলেন, পুরুলিয়া জেলাতে দলের নিজস্ব স্থায়ী কার্যালয় করার বিষয়ে আলোচনা করা হবে। তবে দলীয় কার্যালয়ে তালা বন্ধ থাকার বিষয়টিতে বিতর্কের কিছু নেই। আলোচনা করে সমস্যা মিটে যাবে।

