নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৫ সেপ্টেম্বর ২০২১ঃ
শারদ উৎসবের মরশুমে পুরুলিয়া শহর ও সংলগ্ন রাস্তায় সুচারু রূপে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে যান চলাচলে রাশ টানলো জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩.০৯.২০২১) এই মর্মে একটি নির্দেশিকা জারি করেন পুরুলিয়ার জেলাশাসক। নোটিশে উল্লেখ ওইদিন, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই নির্দেশ কার্যকরী করা হবে এবং চলবে আগামী ১০ অক্টোবর ২০২১ পর্যন্ত বড় মালবাহী যান চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। একইসঙ্গে ১১ অক্টোবর ২০২১ থেকে ১৬ অক্টোবর ২০২১ পর্যন্ত শহরের রাস্তায় এবং সংলগ্ন মফস্বল থানার অন্তর্গত বিভিন্ন রাস্তায় বড় মালবাহী গাড়ি সহ সমস্ত রকম যানবাহন চলাচলেই নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে নির্দেশিকায় উল্লেখ। তবে যাত্রীবাহী বাস ও আপাতকালীন যানকে ছাড় দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করে পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার জানিয়ে দিয়েছেন, উৎসবের মরশুমে পুরুলিয়া শহর ও সংলগ্ন মফস্বল থানার অন্তর্গত বিভিন্ন রাস্তায় মানুষকে যাতে প্রতিকূল ও অসুবিধাজনক পরিস্থিতিতে না পড়তে হয়, তার জন্য যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। নির্দেশিকায় জেলাশাসক উল্লেখ করেন, পথে ঘাটে মানুষের সুবিধার্থে বিশেষত মালবাহী বড় যান সহ সব ধরনের যানবাহন চলাচলেই এই নিয়ম লাগু থাকবে। নির্দেশিকায় উল্লেখ, আগামী ১৬ অক্টোবর পর্যন্ত এই বিশেষ নিয়মের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় প্রতিদিনের যে ট্রাফিক নিয়ম রয়েছে, তাও বলবৎ থাকবে। উৎসবের মরশুমে পথে ঘাটে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং সুচারু রূপে ট্রাফিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এই নিয়ম বলে জানান জেলাশাসক রাহুল মজুমদার। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রশাসনিক নির্দেশ মত পথেঘাটে যান চলাচলের সময়সীমারও বিস্তারিত উল্লেখ করা হয়েছে নোটিশে।

