নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১২ এপ্রিল ২০২২ঃ
মঙ্গলবার পুরুলিয়া মফস্সল থানার রানীবাঁধ এলাকায় আমগাছে যুগলের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এদিনই মৃতদেহগুলির ময়নাতদন্ত হয় পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিসের প্রাথমিক ভাবে অনুমান, প্রেমের পূর্ণতা না পাওয়াতেই আত্মঘাতী হয়েছেন ওই যুগল।
পুলিস সূত্রে জানাগিয়েছে, মৃতদের নাম বিধান মাহাত(১৭) এবং মন্দিরা কুমা(১৫)। তাঁদের বাড়ি পুরুলিয়ার জয়পুর থানার উপরকাহান এলাকায়। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের সম্পর্ক ছিল। পুলিস সূত্রে আরও জানাগিয়েছে, তাঁদের এই সম্পর্ক দুটি পরিবারই মেনে নিতে পারেনি। সোমবার থেকেই ওই দুজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপরই এদিন সকালে রানীবাঁধ এলাকার আমগাছে দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
