নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৬ অক্টোবর , ২০২০
বুজরুকি রুখতে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি দল রবিবার হানা দেয় পুরুলিয়া টামনা থানার অন্তর্গত ভান্ডার পুয়াড়া অঞ্চলের পাটাতিরি গ্রামে। প্রসঙ্গত জানা গিয়েছে, দিন কয়েক আগে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার কাছে খবর আসে যে ওই গ্রামের এক মহিলার দাবি বিগত ৭ বছর ধরে গর্ভবতী আছেন তিনি। দেবীর আদেশ পেলে যে কোন সময় তিনি প্রসবও করতে পারেন। এমনকি ওই মহিলার এমনও দাবি, তাঁর ওপর নাকি দেবীর ভরন নেমে আসে। বিষয়টিতে বুজরুকির গন্ধ পেয়ে রবিবার বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার প্রতিনিধির দল পৌঁছে যায় পাটাতিরি গ্রামে ওই মহিলার বাড়ি।
মঞ্চের পুরুলিয়া জেলা সম্পাদক তথা চিকিৎসক নয়ন মুখোপাধ্যায় জানান, গ্রামের স্থানীয় একটি ক্লাবের দুই সদস্যের কাছ থেকে বিষয়টি জানতে পারেন তাঁরা। তিনি আরো বলেন, বিজ্ঞান মঞ্চ খবর পায় এইভাবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বুজরুকির কথা ছড়িয়ে দেওয়া হচ্ছিল। রবিবার গ্রামে পৌঁছে ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ করার পর বিভিন্ন প্রশ্ন করা হয় মহিলাকে। পরে কিছু বিশেষ পরীক্ষার দ্বারা গোটা বিষয়টি যে মিথ্যা তা বিজ্ঞান মঞ্চ সর্ব সমক্ষে তুলে ধরেন বলে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা জানিয়েছেন। নয়ন বাবু জানিয়েছেন, মহিলার শারিরীক ও মানসিক কিছু রোগ ধরা পড়েছে। মহিলার স্বামী ও সন্তান মহিলাকে তাঁর পুজেতে সাহায্য করতেন বলেও বিজ্ঞান মঞ্চ জেনেছে ওইদিন। পরে বিজ্ঞান মঞ্চের তত্ত্বাবধানে মহিলার চিকিৎসার পূর্ণ ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়। নয়ন মুখোপাধ্যায়ের বক্তব্য, ওই মহিলার চিকিৎসায় শেষ পর্যন্ত রাজি হয়েছেন মহিলা নিজে এবং তাঁর পরিজনরা। একই সঙ্গে বুজরুকির কাজ বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রত্যেকেই।
শেয়ার করুন