নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৯ ডিসেম্বর ২০২১ঃ

বালকডি কে বি এম হাই স্কুল-এর পরিচালনায় দেশবন্ধু ভলিবল টুর্নামেন্ট আয়োজিত হল স্কুলের মাঠে। মঙ্গলবার এই ভলিবল টুর্নামেন্ট খেলা ঘিরে গোটা বালকডি জুড়েই ছিল প্রবল উত্তেজনা। পুরুলিয়া জেলার মোট 16 টি স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়ে এই টুর্নামেন্ট সম্পন্ন হয়। জানা যায়, অন্যান্য স্কুলের সাথে পারস্পারিক মেলবন্ধন ও সম্প্রীতি রক্ষার্থে এই ভলিবল টুর্নামেন্ট বিগত 6 বছর ধরে চলে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার মাহাতো জানান, শিক্ষা চর্চার পাশাপাশি শীতকালীন মরসুমে ভলিবলের প্রতি সকলকে আগ্রহী করে স্বাস্থ্য চর্চাতে ব্যস্ত রাখতেই এই রকম উদ্যোগ নেওয়া হয়ে আসছে। মঙ্গলবার এই ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলাতে অংশগ্রহণ করে পুয়াড়া হাই স্কুল বনাম চিত্তরঞ্জন বয়েজ হাই স্কুল। তাদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে পুয়াড়া হাই স্কুল জয়লাভ করে। তবে সম্প্রীতির মেলবন্ধনে আয়োজিত এই ভলিবল টুর্নামেন্টের মাধ্যমে জেলার শিক্ষকদের মধ্যে স্বাস্থ্য চর্চা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানা গেছে।

শেয়ার করুন

You cannot copy content of this page