নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার, ২১ জুলাই ২০২৪:
নিজের বাড়ির ভেতর থেকে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় এক নবম শ্রেনীর স্কুল ছাত্রীর দেহ উদ্ধার।
রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ বলরামপুর থানার গেঁড়ুয়া গ্রাম থেকে স্কুল ছাত্রী কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করলো বলরামপুর থানার পুলিশ। কিশোরীর পরিবারের লোকেরা এবং স্থানীয় মানুষজন বাড়ির ভেতরে কিশোরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কিশোরীকে ঝুলন্ত অবস্থা থেকে তড়িঘড়ি নামিয়ে ফেলে এবং পুলিশে খবর দেন। পুলিশ ও পরিবারের লোকেরা দেহটি উদ্ধার করে স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসক ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করে। মৃত কিশোরীর নাম মুস্কান খাতুন যার বয়স আনুমানিক ১৪ বছর,বাড়ি বলরামপুর থানার গেঁড়ুয়া গ্রামে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য বলরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি তদন্তের স্বার্থে আগামীকাল কিশোরীর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠাবেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
