নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
১০ নভেম্বর, ২০২০
নিজের ওয়ার্ডের বিজয়া সম্মেলনেই ডাক পেলেন না তৃণমুলের পুরুলিয়া শহর সভাপতি ! তৃণমূলের শহর সভাপতি উপস্থিত না থাকলেও শহরের সহ সভাপতি, একাধিক ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও জেলা নেতাদের একাংশ উপস্থিত ছিলেন। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের শহর সভাপতি। রবিবার রাতে পুরুলিয়া শহরের একটি বেসরকারি হােটেলে ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা কমল মিশ্র একটি বিজয়া সম্মেলনের আয়ােজন করেন। তাতে উপস্থিত ছিলেন, তৃণমূলের পুরুলিয়া জেলার সহ সভাপতি রথীন্দ্রনাথ মাহাত, সমীরণ রায়, প্রাক্তন শহর সভাপতি বৈদ্যনাথ মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রাক্তন কাউন্সিলর প্রদীপ ডাগা, মৌসুমী ঘােষ, রবিশঙ্কর দাস, সােহেল দাদ খান
প্রমুখ।এছাড়াও শহর তৃণমূলের সহ সভাপতি ঋতুরাজ দে, শহর কমিটির নেতা সুনয় কবিরাজ উপস্থিত ছিলেন।
তৃণমূল সুত্রে আরও জানা গিয়েছে, কমলবাবুর সঙ্গে তৃণমূলের পুরুলিয়া শহর সভাপতি বিভাস রঞ্জন দাসের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। সেই বিবাদের জেরেই শহর সভাপতিকে বাদ দিয়ে বিজয়া সম্মেলন বলে মনে করছে রাজনৈতিক মহল। এবিষয়ে কমলবাবু বলেন, ৫নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের নিয়েই ওই সম্মেলন করা হয়। ব্যক্তিগত ভাবে কাউকে ডাকা বা না ডাকার বিষয় নয়। এবিষয়ে বিভাসবাবু বলেন, ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের নিয়ে সম্মেলন হলে আমি জানবাে না তা কি হয়। তিনি আরও বলেন, কয়েকজন একসঙ্গে মিলিত হয়ে হােটলে খেতে যেতেই পারেন। কিছু উৎসাহী ওখানে গিয়েছিলেন। এতে দলের কোনও বিষয় নেই। আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না ।
শেয়ার করুন