নিজস্ব সংবাদদাতা, মানবাজার, শনিবার, ৪ জুন ২০২২ঃ

প্রচণ্ড গরমে হাসফাস পরিস্থিতি মানুষের। উঠছে নাভিশ্বাস। এই চূড়ান্ত অস্বস্তির মধ্যেও রাত্রি দশটার পর থেকে সারা রাত্রি মিলল না বিদ্যুৎ পরিষেবা। আর তাতে ক্ষোভের আগুন চরমে উঠল। যার জেরে আজ, শনিবার ক্ষুব্ধ বাসিন্দারা করলেন পথ অবরোধ। ঘটনা মানবাজারের।

গরমে নাজেহাল মানবাজার-১ নং ব্লকের মুচাই পাড়ার বাসিন্দারা বিদ্যুৎ সরবরাহ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে শনিবার সকাল থেকে মানাবাজার শহরের মুল রাস্তা অবরোধ করলেন। এদিন পথ অবরোধের জেরে মানবাজার বাইপাস এবং মানবাজারে শহরে যাতায়াতের মূল রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে সমস্যার মুখে পড়েন রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ। পথ অবোরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানবাজার থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গতকাল (শুক্রবার) রাত্রি ১০ টা থেকে সারা রাত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এলাকা। রাতে সংশ্লিষ্ট দপ্তরে বারবার ফোন করা হলেও কোনো ব্যাবস্থা নেয়নি দপ্তর। এদিকে এই চূড়ান্ত গরমে মধ্যে চরম অস্বস্তিতে পড়তে হয় স্থানীয়দের। বিষয়টি প্রশাসনের নজরে আনতে তাই তাঁরা পথ অবরোধ করেছেন বলে জানান। অবরোধের জেরে রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে অজস্র যানবাহন। পরে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন পুলিশ এবং বিদ্যুৎ সরবরাহ দপ্তরের কর্মীরা। সোমবারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন মুচাই পাড়ার বাসিন্দারা।

শেয়ার করুন

You cannot copy content of this page