নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ৯ জুলাই ২০২২ঃ
পুরুলিয়া শহরের জলাশয় বাঁচাতে আজ বিকেলে মিছিলে হাঁটলেন পুরুলিয়ার নাগরিকরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার আহ্বানে এদিন এই মিছিলে শিক্ষক, অধ্যাপক, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মচারী, স্কুল ও কলেজ পড়ুয়া সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষ পা মেলালেন। বিকেল ৫ টায় শহরের স্টুডেন্ট হেলথ হোম থেকে এদিন মিছিল হাটতলা মোড় পর্যন্ত যায়। পোস্ট অফিসের মোড় ও হাটতলায় দুটি পথসভাও করা হয় এদিন। প্রসঙ্গত, গত ১৬ জুন রাজ্য সরকারের মৎস দপ্তর কর্তৃক জলাভূমি দিবস হিসেবে ঘোষিত হয়েছে। আবার ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পরিচিত। বিজ্ঞান মঞ্চের জেলা শাখার সম্পাদক তথা চিকিসক নয়ন মুখোপাধ্যায় এদিন বলেন, অথচ পুরুলিয়া শহরে জলাভূমি অত্যন্ত দ্রুত গতিতে হারিয়ে যাচ্ছে। তথ্য বলছে গ্লোবাল ওয়ার্মিং-এর মতই এর ফলে অচিরেই চরম সঙ্কট জনক পরিস্থিতিতে পড়তে হবে আমাদের, দাবি নয়ন বাবুর। এদিন পথসভা দুটিতে বক্তাদের বক্তব্যে পুরুলিয়া শহরের পুকুর, ডোবা, খাল-বিল ইত্যাদি বাঁচানোর প্রয়োজনীয়তার কথাই উঠে এসেছে। বেআইনি নির্মাণ, পুকুর বা ডোবা ভতিয়ে অট্টালিকা নির্মাণ, জলাশয়ের ধারে বেআইনি প্রাচীর তোলা, প্লাস্টিক বা ওই জাতীয় আবর্জনা জলাশয় গুলিতে ফেলার মত ঘটনা মাটির নিচের জলধারণ ক্ষমতা কমিয়ে এক দুর্বিসহ ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে, এদিন বক্তাদের কথায় সেটাই উঠে এসেছে বারবার। বিজ্ঞান মঞ্চের জেলা শাখার সম্পাদক বলেন, নদী তটে যত্রতত্র ওঠানো হচ্ছে বালি। এর ফলে নদীর জলধারণ ক্ষমতাটাই চলে যাচ্ছে। তাই এসব বিষয়গুলিতে দ্রুত সদর্থক পদক্ষেপ নেওয়ার সময় এসেছে বলে মত নয়ন মুখোপাধ্যায়ের।




