নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৪ ডিসেম্বর ২০২১ঃ

কৃষক স্বার্থে একগুচ্ছ দাবি নিয়ে আজ পুরুলিয়ার জেলা প্রশাসনিক দপ্তরের গেটে বিক্ষোভ সমাবেশ করল বিজেপি। প্রসঙ্গত, অতিবৃষ্টি ও বন্যায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত চাষীদের জন্য অবিলম্বে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা, ফসলের উচিত সরকারি মূল্য দিয়ে প্রকৃত কৃষকদের ফসল ক্রয় করা, অবিলম্বে সমস্ত কৃষককে কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মান নিধির তালিকাভুক্ত করে প্রকল্পের টাকা তাদের হাতে তুলে দেওয়া, কৃষক স্বার্থে অবিলম্বে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা লাগু করা, বীজ, সার, কীটনাশকের কালোবাজারি অবিলম্বে বন্ধ করা ইত্যাদি একগুচ্ছ দাবি নিয়ে গত ২২ তারিখ থেকে জেলার ব্লকে ব্লকে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করছে বিজেপি। শুক্রবার ছিল সেই কর্মসূচির শেষ দিন। এদিন পুরুলিয়ার জেলা প্রশাসনের সদর দপ্তরের গেটে দলের বিক্ষোভ প্রদর্শন মঞ্চ থেকে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রী ফসস বীমা যোজনা আজও লাগু করল না। আমাদের দাবি অবিলম্বে এই প্রকল্প কৃষক স্বার্থে লাগু করতে হবে। তিনি বলেন, বহু প্রকৃত কৃষক এই রাজ্য তথা জেলাতে কেন্দ্রের কিষাণ সম্মান নিধি প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন নি। তাঁদের নাম তালিকাভুক্ত করার পাশাপাশি অবিলম্বে তালিকাভুক্তদের টাকা দিতে হবে রাজ্য সরকারকে। বিদ্যাসাগর বাবুর দাবি, জেলাজুড়ে সর্বত্র ফড়েদের রমরমা। সরকারকে অবিলম্বে ফড়েদের কালোবাজারি বন্ধ করে প্রকৃত কৃষকের ফসলের উচিত সরকারি মূল্য দিতে হবে বলে বক্তব্য বিজেপি জেলা সভাপতির। তিনি বলেন, সরকারকে ফসল বিক্রি করতে গিয়ে চাষীদের জেলাজুড়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। বিদ্যাসাগর চক্রবর্তীর প্রস্তাব, যদি দুয়ারে সরকার হতে পারে, তাহলে কৃষক ও কৃষির স্বার্থে ফসল কিনতে চাষীদের দুয়ারে যাচ্ছে না কেন সরকার বা প্রশাসন!

শেয়ার করুন

You cannot copy content of this page