নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১ সেপ্টেম্বর , ২০২০
আর্থিক সাহায্য সহ ভবিষ্যতে সব রকমের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে অতি সম্প্রতি দুর্ঘটনায় মৃত পুরুলিয়ার দুই পার্শ্ব শিক্ষকের শোকার্ত পরিবারের পাশে দাঁড়াল পুরুলিয়া প্রাথমিক বিদ্যালয় পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। গত ২২ আগস্ট মানবাজার ২নং চক্রের কেন্দাডি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক লক্ষীরাম হাঁসদা (৩৫) বজ্রাঘাতে মারা যান। ২৫ আগস্ট বাঘমুন্ডি ১নং চক্রের ছাতনি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক লক্ষীরাম হেমব্রম (৩৪) নিজের বাড়িতেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যান। আগের থেকেই আর্থিক অভাবের মধ্যে থাকা এই দুই পার্শ্ব শিক্ষকের আচমকা মৃত্যুতে মৃতদের বিধবা স্ত্রী, সন্তান সহ পরিজনরা আরো চরম অনটনের মধ্যে পড়েন। এই পরিস্থিতিতে এই দুটি অসহায় পরিবারকে সাহায্য করতে হাত বাড়িয়ে দিল পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ।
মঞ্চের সদস্যরা জানাচ্ছেন, এই দুটি দুর্ঘটনার পরই ঐক্য মঞ্চের তত্ত্বাবধানে স্যোশাল মিডিয়ার মাধ্যমে জেলার বিভিন্ন সার্কেলের পার্শ্ব শিক্ষকরা বৈঠক করে সিদ্ধান্ত মত একটি ব্যাঙ্ক একাউন্ট নম্বর স্যোশাল মিডিয়াতেই পাবলিশ করা হয়। ঐক্য মঞ্চের পক্ষে জেলার সমস্ত পার্শ্ব শিক্ষকদের কাছে ওই দুই শোকার্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সাহায্য চাওয়া হয়। মঞ্চের সদস্যরা বলছেন, অসাধারণ সাড়া পাওয়া গিয়েছে। গত ৩০ আগস্ট ওই একাউন্টের মাধ্যমে জোগাড় হওয়া ৫৮ হাজার টাকা দুটি শোকার্ত পরিবারের হাতে তুলে দেন ঐক্য মঞ্চের সদস্যরা। প্রত্যেক পরিবারকেই ২৯ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। ভবিষ্যতে ওই দুই মৃত পার্শ্ব শিক্ষকের সন্তানদের লেখাপড়া সহ অন্যান্য খরচ বহনের ভারও ঐক্য মঞ্চের পক্ষ থেকে নেওয়া হবে বলে পরিজনদের প্রতিশ্রুতি দিয়েছেন মঞ্চের সদস্যরা।
শেয়ার করুন