নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৬ আগস্ট , ২০২০

একদিকে বিজেপির চা-চক্র অন্যদিকে তৃণমূলের বাংলার যুব শক্তি কর্মসূচি। কর্মসূচির নাম যা-ই হোক, আদপে ভোট যুদ্ধের জোর মহড়া। আর এই করোনা আবহের মহড়ায় শাসক-বিরোধী একে অপরকে টেক্কা দিতে বদ্ধ পরিকর। প্রায় প্রতিদিনই পুরুলিয়া জেলাজুড়ে দলে দলে যোগদানের পালা চলছে এই দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলে।

বুধবার পাড়া বিধানসভার রঘুনাথপুর-২ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে “বাংলার যুব শক্তি আলোচনা সভা”য় জরাডি অঞ্চলের দান্দুয়া সংসদ ও বগড়া সংসদ থেকে বিজেপি ও সিপিআইএম থেকে ৫১ টি পরিবার তৃণমূল কংগ্রেস যোগদান করেন বলে দলীয় সূত্রে দাবি। এদিন অবশ্য যোগদান পর্বের আগে বাংলার যুব সমাজের অবস্থান ও সঠিক দিশায় যুব শক্তির এগিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন জেলা তৃণমূলের সভাপতি গুরুপদ টুডু,জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, দলের জেলা যুব সভাপতি সুশান্ত মাহাত প্রমুখরা। উপস্থিত ছিলেন দুই দলীয় বিধায়ক উমাপদ বাউরি ও পূর্ণ চন্দ্র বাউরি, কো-অর্ডিনেটর মিনু বাউরি সহ অন্যান্যরা।

অন্যদিকে বুধবারই বিজেপির চা-চক্র ও জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে বাঘমুন্ডি বিধানসভার জেডপি-১২ ও ১৩ র মাড়ুমসিনা ও ইলু-জারগো অঞ্চলের মোট ১৭৪টি পরিবার বিজেপিতে যোগদান করেছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। ইলু-জারগো অঞ্চলের পারডি গ্রামের তৃণমূল বুথ সভাপতি বিপন মাহাতও বিজেপি দলে যোগদান করেছেন বলে দাবি তাদের।

শেয়ার করুন

You cannot copy content of this page