নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শনিবার, ২২ অক্টোবর ২০২২ঃ

ছোট চারচাকা গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন দুই যুবক। আজ (শনিবার) সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে টাটা-পুরুলিয়া ৩২ নম্বর জাতীয় সড়কের উপর বলরামপুরে নির্মীয়মান বাইপাস রাস্তার উপর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলরামপুরের কয়েকজন ওই পথ দিয়ে যাওয়ার সময় ওই দুই আহত যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁরা আহতদের উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেন। এরপরে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম মহাদেব মাহাতো, বয়স আনুমনিক ৩১ বছর এবং অজয় মাহাতো, বয়স আনুমানিক ১৭ বছর। তাঁদের দুজনেরই বাড়ি বলরামপুর থানার দড়দা অঞ্চলের রাঙ্গাটাড় গ্রামে। দুর্ঘটনায় আহত অজয় মাহাতোকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে ও মহাদেব মাহাতোকে জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনা প্রসঙ্গে আহত অজয় মাহাতো জানান, উরমা এলাকার একটি গ্যারেজ থেকে কাজ করে বাড়ি ফেরার পথে বলরামপুরের নির্মীয়মান জাতীয় সড়কের উপর একটি বিপরীতমুখী ছোট চারচাকা গাড়ি তাঁদের সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়েই অবশ্য ধাওয়া করে ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page