নিজস্ব সংবাদদাতা ,বাঘমুন্ডি :
৪ নভেম্বর, ২০২০

২০১৮-র মার্চ মাসের পর আর বেতন পাননি। বর্তমানে সরকারের প্রকল্পের কাজ চালু থাকলেও তাঁরা পাচ্ছেন না মাসিক বেতন। তাই বুধবার, (৪ নভেম্বর) নিজেদের বকেয়া বেতনের দাবি সহ আরো একগুচ্ছ দাবি নিয়ে বাঘমুন্ডি ব্লকের ৬১ জন ধারা সেবক বিডিও-র দ্বারস্থ হলেন। বাঘমুন্ডি ব্লক ধারাসেবক কমিটির সভাপতি ধীরেন চন্দ্র গঁরাইয় বলেন, ২০১৭-র নভেম্বর থেকে ২০১৮-র ফেব্রুয়ারি পর্যন্ত বাঘমুন্ডি ব্লকে ৭৮ জন ধারাসেবককে চুক্তি ভিত্তিক কাজে নেওয়া হয়। তবে ১৭ জন নিযুক্তির পরে প্রশিক্ষণ পিরিয়ডেই বাদ যান। বাকি ৬১ জন ধারাসেবকদের ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানান ধীরেন বাবু। ধারা সেবকরা মূলত জল ধরো জল ভরো প্রকল্প ছাড়াও পঞ্চায়েত স্তরে ঊষর মুক্তি প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে সরকারের ঊষর মুক্তি প্রকল্প চালু থাকলেও গত ২০১৮র এপ্রিল মাস থেকে ধারাসেবকরা তাঁদের বেতন পাননি বলে দাবি ধীরেন চন্দ্র গঁরাইয়ের। তিনি বলেন, ২০১৮-র মার্চ মাসে আমরা শেষ বেতন পেয়েছি। ধীরেন বাবুর বক্তব্য, ধারাসেবকদের বকেয়া বেতন দ্রুত প্রদান করা ছাড়াও তাঁদের নির্দিষ্ট পে -স্কেলে বেতন প্রদান, ৬০ বছর চাকরীর নির্দিষ্ট সরকারি আদেশনামা, নির্দিষ্ট জব চার্ট, অন্যান্য সরকারি কর্মচারীদের মতো সমস্ত সরকারি সুযোগ সুবিধা প্রদান যেমন হেলথ স্কিম, ট্রাভেল আলাউন্স, সার্ভিস বুক ইত্যাদি সহ প্রায় ৬ দফা দাবি জেলা শাসক সহ প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার জানানো হয়েছে।

বুধবার অবশ্য বাঘমুন্ডির বিডিও দপ্তরে দাবি সনদ পেশ করার পর কিছুটা আশার আলো দেখছেন ধারাসেবকরা বলে ধীরেন বাবুর দাবি। এদিন ব্লকের বিডিও বাঘমুন্ডির ৬১ জন ধারাসেবকদের বকেয়া বেতনের বিস্তারিত বিবরণের তালিকা জেলার নোডাল অফিসারকে পাঠিয়েছেন বলে জানান ধীরেন চন্দ্র গঁরাই।

শেয়ার করুন

You cannot copy content of this page