নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, শুক্রবার, ৩ জুন ২০২২ঃ
মুম্বইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু হল পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম ডাক্তার গড়াই বয়স 33 বছর। মৃত শ্রমিকের বাড়ি পুঞ্চা থানার ছাতালালপুর গ্রামে । স্থানীয় সূত্রে জানা গেছে মাসখানেক আগেই সে বাড়ি থেকে কাজের জন্য মুম্বাই গিয়েছিলেন। মুম্বাই এর কল্যাণ এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ শুরু করেন একটি সংস্থার তত্ত্বাবধানে। সেখানে হঠাৎ অসুস্থ হলে সহকর্মীরা তাকে স্থানীয় মহাত্মা গান্ধী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি করেন চিকিৎসার জন্য। বেশ কয়েকদিন চিকিৎসার পর তিনি মারা যান। তার সাথে কাজে যাওয়া গ্রামের যুবক জয়দেব গড়াই জানান, যেখানে তারা কাজ করতেন সেই সংস্থা কোনরূপ আর্থিক সহযোগিতা করেনি তাদের। যার সহযোগিতায় কাজে গিয়েছিল তারা সেই ঠিকাদারের আর্থিক সহযোগিতায় কেবল মাত্র চিকিৎসা হয়েছে এই পরিযায়ী শ্রমিকের। তবু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার সময় এম্বুলেন্সে করে পরিযায়ী শ্রমিক এর দেহ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়ে তার স্ত্রী পুত্র-কন্যা, বাড়িতে থাকা প্রতিবন্ধী বৃদ্ধা মা ও প্রতিবেশীরা। পরিবারের একমাত্র উপার্জনকারী যুবকের মৃত্যুতে দিশেহারা এখন গোটা পরিবার। প্রতিবেশীরাও চাইছেন সরকারি সহযোগিতা যেন পাই এই পরিবারটি।
শেয়ার করুন