নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, শনিবার, ৯ জুলাই ২০২২ঃ
ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন ব্যক্তির। আজ দুপুর ১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিতুড়িয়া ব্লকের নিমডাঙা এলাকায়। জানা গিয়েছে, ওই তিন ব্যক্তি স্থানীয় একটি বেসরকারি স্পঞ্জ আয়রণ কারখানা থেকে ডিউটি সেরে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। নিমডাঙার কাছে একটি বড় লরির ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মৃত তিনজনের নাম প্রকাশ বাউরি (২৮), বাহাদূর টুডু (২১) এবং অজয় মোদি (২৮)। এঁদের মধ্যে প্রকাশ বাউরি ও বাহাদূর টুডুর বাড়ি বাইশাড্ডিতে এবং অজয় মোদির বাড়ি কেলিয়াসোতায়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। যদিও চালক ও খালাসি পলাতক বলে জানা যায়। এদিন দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা মৃতদেহ তিনটি আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জানা গিয়েছে, মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। বিকেল ৪ টা নাগাদ এই প্রতিবেদন লেখার সময়ও স্থানীয়রা পথ অবরোধ করে রয়েছেন বলে খবর। জানা গিয়েছে, এলাকাবাসীর বিক্ষোভের জেরে এখনো তিনটি দেহ ঘটনাস্থলেই পড়ে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে রঘুনাথপুর, নিতুড়িয়া ও সাঁতুড়ি থানার পুলিশ।





