নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
১৭ নভেম্বর, ২০২০

২২ নভেম্বর, শনিবার শহরে আসছেন ‘দাদা’, অর্থাৎ শুভেন্দু অধিকারী। চলতি মাসের ৭ তারিখ শহরের হরিপদ সাহিত্য মন্দিরে দাদার অনুগামীদের বিজয়া সন্মেলনীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি স্বয়ং দাদা। তবে অনুষ্ঠানে ভিডিও বার্তায় জানিয়েছিলেন শীঘ্রই পুজোতে আসছেন পুরুলিয়া। পুজো মানে দাদার অনুগামী গৌতম রায়ের উদ্যোগে অষ্টম বর্ষে পদার্পণ করা জগধ্যাত্রী পুজো। শহরের খয়রা দুয়ার বা সরকার পাড়ায় গৌতম রায়ের উদ্যোগে গত সাত বছর ধরে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠান হয়ে আসছে। গৌতম বাবু বলেন, প্রথম বছর থেকেই প্রতি বছরই জগদ্ধাত্রী পুজোতে শুভেন্দু দাকে আমন্ত্রণ পত্র পাঠিয়ে আমন্ত্রণ জানাই। এবছর তিনি ২২ তারিখ পুরুলিয়া এসে পুজো উদ্বোধন করবেন।

তবে শুধুই কি গৌতম বাবুর পুজোর উদ্বোধন? শুভেন্দু অধিকারী প্রসঙ্গে এই মুহূর্তে এটা একটা বড় প্রশ্ন। কেননা বর্তমানে রাজ্যজুড়ে শুভেন্দু অধিকারী যেভাবে জেলায় জেলায় সাংগঠনিক সভা বা বৈঠক করে চলেছেন, তাতে পুরুলিয়ায় এসে স্বয়ং দাদা কেবলমাত্র পুজো উদ্বোধন করবেন আর ফিরে যাবেন, তা যেন মেনে নিতে পারছেন না ‘দাদার অনুগামীরা’। ফলে জল্পনা যে, রাজনৈতিক কর্মসূচি কি কি? যদিও গৌতম বাবু সরাসরি জানিয়েছেন, এখনও পর্যন্ত পুজোর উদ্বোধন ছাড়া তেমন কোন কর্মসূচিই নেই। তবে ‘দাদা’ র পুরুলিয়া সফরের বিষয়ে অনুগামীদের অবশ্য উৎসাহের অন্ত নেই। অনুগামী ভাইদের মধ্যেও অনেকেই মনে করছেন রাজনৈতিক আলোচনা-পর্যালোচনার বিষয় নিশ্চয়ই থাকবে।

শেয়ার করুন

You cannot copy content of this page